ফিচার
Published : 04 Feb 2026, 02:40 PM
১৩ বছর বয়সী এক কিশোরকে বিশ্বমিডিয়া তোলপাড়। অবিশ্বাস্য সাহসিকতায় উত্তাল সাগরে ৪ ঘণ্টা সাঁতার কেটে দুই ভাই-বোন আর মাকে মৃত্যুর হাত ধেকে বাঁচিয়েছে। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে এই ঘটনা। অসীম সাহসী এই কিশোরের নাম অস্টিন অ্যাপেলবি। উত্তাল সমুদ্রে টানা ৪ ঘণ্টা সাঁতার কেটে তীরে ফিরে সাহায্য চেয়েছিল।
গত শুক্রবার ৩০ জানুয়ারি বিকেলে অস্টিনের পরিবার (৪৭ বছর বয়সী মা, ১২ বছর বয়সী ভাই এবং ৮ বছর বয়সী বোন) পশ্চিম অস্ট্রেলিয়ার কুইন্ডালুপ এলাকার জিওগ্রাফ বে-তে প্যাডেলবোর্ড ও কায়াক নিয়ে সাগরে নেমেছিল। হঠাৎ তীব্র বাতাসে তারা গভীর সমুদ্রের দিকে ভেসে যেতে থাকে। পরিস্থিতি ভয়াবহ দেখে অস্টিন কায়াক নিয়ে তীরে ফেরার চেষ্টা করে। কিন্তু কায়াকে পানি ঢুকে যাওয়ায় সে বাধ্য হয়ে সাঁতার শুরু করে। প্রায় ৪ কিলোমিটার পথ সে উত্তাল ঢেউ ও বাতাসের বিপরীতে সাঁতরে ৪ ঘণ্টায় তীরে পৌঁছায়। মাঝপথে সাঁতারের সুবিধার জন্য সে নিজের লাইফ জ্যাকেটটিও খুলে ফেলেছিল। তীরে পৌঁছানোর পর ক্লান্ত অস্টিন সেখানেই থেমে থাকেনি। সে বালুর ওপর দিয়ে আরও ২ কিলোমিটার দৌড়ে গিয়ে জরুরি নম্বরে ফোন করে উদ্ধারকারীদের খবর দেয়। সে ফোনে চিৎকার করে বলেছিল, "আমার হেলিকপ্টার লাগবে, নৌকা লাগবে... আমার পরিবার সাগরে ভেসে গেছে।"
অস্টিনের সংবাদের ভিত্তিতে দ্রুত উদ্ধারকারী দল অভিযানে নামে। রাত সাড়ে আটটার দিকে উপকূল থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে তার মা ও ভাইবোনকে একটি প্যাডেলবোর্ড আঁকড়ে ধরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকারীরা অস্টিনকে সুপার হিউম্যান বলে আখ্যা দিয়েছেন। পুলিশের মতে, অস্টিনের এই অদম্য জেদ এবং সময়মতো পদক্ষেপ না থাকলে তার পুরো পরিবারকে হয়তো আর খুঁজে পাওয়া যেত না।
সূত্র: গার্ডিয়ান
Add a Comment