লিভিং
Published : 30 Jan 2026, 11:26 AM
খুব সম্ভবত ২০১২ সাল। শাহবাগের মোড় থেকে চারুকলার দিকে হাঁটছিলাম। হঠাৎ একজন হাত টেনে ধরল। আঁতকে ওঠে তাকালাম। আমার বহুদিনের পুরনো বন্ধু। মিরপুরে একা থাকে, লেখালেখি করে। বিয়ে করেনি। প্রেমিকও নেই। আমার সঙ্গে অনেকদিন পর দেখা। বলল, কাল বাড়ি চলে যাচ্ছি। কেন রে! একা একা যদি মরে থাকি! কেউ তো জানবে না। তারচেয়ে বাড়িতে গিয়ে মরি। লাশ পচে তো আর গন্ধ বের হবে না! আমি বিপণ্ন বোধ করলাম! আসলেই তো, যেভাবে ঢাকায় ফ্ল্যাট কালচারে একাকীত্ম বাড়ছে বিষয়টি তো ভাবনারই।
অ্যামি হকিং গার্ডিয়ানে একটি প্রতিবেদন লিখেছেন ঠিক এরকম বিষয়কে কেন্দ্র করে। চীনে বাড়ছে একাকি মানুষের মৃত্যু। মৃত্যুর কয়েকদিন পর বন্ধ ফ্ল্যাট থেকে একজনের মৃতদেহ উদ্ধার হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাদের মানসিক অবস্থা তুলে ধরেন। ' "যদি আমি ঘরে একা মারা যাই, তবে কেউ কি জানবে?" এই সামাজিক ভীতি থেকেই চীনে একটি নতুন অ্যাপ জনপ্রিয় হয়েছে যার নাম 'Are You Dead?'( চীনা ভাষায়: Sileme) এটি একটি 'সেফটি টুল' হিসেবে কাজ করে। এই অ্যাপ ব্যবহারকারীদের প্রতিদিন অ্যাপে ঢুকে একটি বড় সবুজ বাটনে ক্লিক করে নিশ্চিত করতে হয় যে তিনি বেঁচে আছেন। কেউ যদি টানা দুই দিন চেক-ইন না করেন, তবে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে তার মনোনীত জরুরি যোগাযোগকারীকে বার্তা পাঠিয়ে দেয়।
চীনে বর্তমানে এখন অতিরিক্ত কাজের চাপের সংস্কৃতি চলছে। মানুষ নাইননাইনসিক্স অর্থাৎ সকাল ৯টা থেকে রাত ৯টা, সপ্তাহে ৬ দিন কাজ করে ক্লান্ত হয়ে পড়ছে, সামাজিক মেলামেশার সময় পাচ্ছে না। পরিবার থেকে দূরে বড় শহরে একা থাকা এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের গভীর বিচ্ছিন্নতা ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তাদের কাছে এই অ্যাপটি একটি ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে।
তবে অ্যাপটির নাম 'Are You Dead?' হওয়ায় এটি সমালোচনার মুখে পড়েছে। অনেকে একে কিছুটা অশুভ বা অভদ্র মনে করেছেন। এ কারণে কর্তৃপক্ষ এর নাম পরিবর্তন করে অন্য নাম রাখার চেষ্টা করেছে। প্রতিবেদন অনুযায়ী চীন সরকার বর্তমানে অ্যাপটি নিয়ে কিছুটা কড়াকড়ি আরোপ করেছে। এবং অ্যাপ স্টোর থেকে এটি সরিয়ে দেওয়া হয়েছে। খুব সম্ভবত 'কুসংস্কার' বা স্পর্শকাতর বিষয় প্রচার হতে পারে এই শঙ্কায়।
অ্যামি হকিন্স এই প্রতিবেদনে বলছেন, মানুষের একাকীত্ব ও মৃত্যুর ভয়কে পুঁজি করে কীভাবে প্রযুক্তি দিয়ে ব্যবসার ফায়দা লোটা হচ্ছে। তবে বিষয়টি মোটেও হেরাফেলার নয়। এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। কেবল চীন নয়, বিশ্বব্যাপী 'একাকী বসবাসকারী একটি প্রজন্ম বেড়েছে। যারা মূলত ৪০ এর কোঠার প্রজন্ম। বেড়েছে একাকি মৃত্যুর হার। এরকম বাস্তবতায় 'আর ইউ ডেড!' না হোক 'আর ইউ অ্যালাইভ!'নামের অ্যাপ চালু করতে পারে সব দেশ।
সূত্র: দ্য গার্ডিয়ান
Add a Comment