ফিচার
Published : 15 Jan 2026, 06:52 AM
দীর্ঘ জীবন ও সুস্থ থকতে একটু বদলে নিন নিজেকে। নিজেকে দিন মাত্র পাঁচ মিনিট।
কঠিন জিম করতে হবে না। মানতে হবে না ডায়েটের কোনো কঠিন নিযম।
অনেকেই ভাবি, সুস্থ থাকতে হলে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা জিমে ঘাম ঝরাতে হবে কিংবা কঠোর ডায়েট করতে হবে। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে ভিন্ন কথা। সম্প্রতি 'দ্য ল্যানসেট' এবং 'ই-ক্লিনিক্যাল মেডিসিন' জার্নালে প্রকাশিত একটি গবেষণা দেখাচ্ছে আশার আলো।
গবেষণা বলছে, প্রতিদিন মাত্র ৫ মিনিট অতিরিক্ত মাঝারি ধরনের শারীরিক পরিশ্রম (যেমন: একটু দ্রুত হাঁটা) অকাল মৃত্যুর ঝুঁকি প্রায় ১০ শতাংশ কমিয়ে দেয়। যারা একদমই ব্যায়াম করার সময় পান না, তাদের জন্য এই খবরটি বৈপ্লবিক। অফিস যাওয়ার পথে ৫ মিনিট দ্রুত হাঁটা কিংবা লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে ৫ মিনিট ওঠানামা করাও আপনার জীবনের জন্য আশীর্বাদ হতে পারে।
গবেষকরা বলছেন, আপনি যদি প্রতিদিন আপনার বসে থাকার সময় থেকে মাত্র ৩০ মিনিট কমিয়ে ফেলেন, তবে মৃত্যুর ঝুঁকি ৭ শতাংশ কমে যাবে। তাই যারা ডেস্কে বসে কাজ করেন, তারা বিষয়টি ভেবে দেখতে পারেন।
এই ৩০ মিনিট সময় আপনাকে দৌড়াতে হবে না; কেবল দাঁড়িয়ে কথা বলা, ঘরের ছোটখাটো কাজ করা বা একটু পায়চারি করাই যথেষ্ট।
সিডনি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতে, সুস্থ জীবনের জন্য ঘুম, ব্যায়াম এবং খাবারের মধ্যে সামান্য সমন্বয় প্রয়োজন:
প্রতিদিনের রুটিনে মাত্র ৫ মিনিট বাড়তি ঘুম।
দিনে মাত্র ২ মিনিট দ্রুত সিঁড়ি দিয়ে ওঠা।
প্রতিদিনের খাবারে অর্ধেক পরিমাণ বাড়তি সবজি যোগ করা।
এই তো! এ আর কঠিন কী কাজ! আবার কেউ ভাবতে পারেন, এতো সামান্য পরিবর্তনে কী আর হবে? তথ্য বলছে, যারা এই নিয়মগুলো মানেন, তারা অন্যদের তুলনায় প্রায় ১০ বছর বেশি সুস্থভাবে বেঁচে থাকতে পারেন।
যারা লেখালেখি বা সৃজনশীল কাজের সাথে যুক্ত, তাদের শরীর ও মস্তিষ্ক সচল রাখা জরুরি।
তাই:
প্রতি এক ঘণ্টা লেখার পর ৫ মিনিট দাঁড়িয়ে স্ট্রেচিং করুন।
কাজের ফাঁকে প্রচুর পানি পান করুন।
ঘরের ভেতরেই অন্তত ১০০ কদম হাঁটার অভ্যাস করুন।
আজ থেকেই শুরু হোক পাঁচ মিনিটের ম্যাজিক!
সূত্র: গার্ডিয়ান
Add a Comment